নিজস্ব প্রতিবেদক
স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে চান্দুটিয়া, আরিজপুর, গোবিন্দপুর, মঠবাড়ী (সিএজিএম) মাধ্যমিক বিদ্যালয়। টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে স্বাগতিক বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনালে চান্দুটিয়া জয় পায় ২-০ গোলে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। গোল দুটি করেন বিজয়ী দলের তামিম। ম্যাচের ৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে তিনি গোল দুটি করেন।
খেলা শেষে প্রধান অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজে দুর্গাপুর দাখিল মাদ্রাসা সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি ডিএম তবিবর রহমান, ক্রীড়া সংগঠক নূরুল আরিফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান।
