নিজস্ব প্রতিবেদক
যশোর আঞ্জুমান খালেকিয়া এতিমখানায় হকি প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এতিমখানার ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। আসাদ হকি একাডেমির আয়োজিত দীর্ঘমেয়াদি এ প্রশিক্ষণের আয়োজন করছে।
এতিমখানার পরিচালক ও খড়কী দরবার শরীফের পীর কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মাদ শফিকুজ্জামান, যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের পরিচালনা পর্যদের সভাপতি এহসানুল হক সেতু, সাবেক হকি খেলোয়াড় মাহমুদ রিবন, আসাদ হকি একাডেমির সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান ডেল্টা, উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হাবিবুজ্জামান চুন্নু ও সাবেক হকি খেলোয়াড় ও কোচ আশিকুজ্জামান প্রমুখ।
আশিকুজ্জামান বলেন, এতিমখানায় অনেক মেধাবি শিক্ষার্থী রয়েছে। অতীতে এসকল শিক্ষার্থী বিভিন্ন সাফল্য অর্জন করেছে। এসকল শিক্ষার্থী শারিরীক ও মানসিকভাবে শক্তিশালী করতে হকি প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বর্তমানে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ভর্তি বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে খেলোয়াড়দের সুযোগ প্রদান করছে। হকি প্রশিক্ষণ নিয়ে যদি জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে তাহলে এসকল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দারুন সম্ভবনার দ্বার উন্মোচন হবে।
সাবেক হকি খেলোয়াড় রাজিবুল ইসলাম ও নিয়ামত উল্লাহ নিয়মিত খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন।
