নিজস্ব প্রতিবেদক: শ্রমিককে ছুরিকাঘাত করা সন্ত্রাসীকে আটক দাবিতে যশোর কোতোয়ালি থানা ঘেরাও করেছে পরিচ্ছন্নতাকর্মী (হরিজন) ও অন্যান্য শ্রমিকরা। বুধবার রাত ১২ টা ১০ মিনিটের দিকে তারা থানা ঘেরাও করে। এ সময় থানা চত্বরে বিক্ষোভ করেন যশোর পৌরসভার শ্রমিকরা।
ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণা লাল সরকার টেলিফোনে জানান, মঙ্গলবার দুপুরের রেলবাজার কলোনীতে শ্রমিকরা পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত গাড়ি রাখায় তা ভাংচুর করা হয়। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। তখন তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয়ার পরও সন্ধ্যার দিকে রেলস্টেশন কলোনীর সমানে শ্রমিক স্রোতকে (৩০) ছুরিকাঘাত করে এক সন্ত্রাসী। এ ঘটনার বিচার ও সন্ত্রাসীকে আটক দাবিতে রাত ১২ টার দিকে থানা ঘেরাও করে শ্রমিকরা।
শ্রমিক নেতা কৃষ্ণা লাল সরকার আরো বলেন, সন্ত্রাসীকে আটক করা না হলে বুধবার থেকে পৌর পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী টেলিফোনে দৈনিক কল্যাণকে বলেন, পুলিশের কর্মকর্তারা হরিজনসহ অন্যান্য শ্রমিক নেতাদের সাথে থানা চত্বরে কথা বলছেন। তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর হামলায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আটকের চেষ্টা করছে পুলিশ।