নিজস্ব প্রতিবেদক
যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে দিনব্যাপী ফুটবল উৎসব হয়েছে। শুক্রবার ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদযাপন উপলক্ষে আয়োজিত উৎসবে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ৬০০ খুদে ফুটবলার অংশ নেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও নিবিড় করতেই আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে যশোরে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা একাডেমিতে অবস্থিত ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’।
পরে তিনি খুদে ফুটবলারদের আয়োজিত এক ফুটবল ম্যাচ উপভোগ করেন। সেই সময় তিনি ফুটবলার উৎসাহ দিচ্ছিলেন। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ম্যাচে হাত তালি দিয়ে উৎসাহ দিচ্ছিলেন।
অনুষ্ঠানে হামজা চৌধুরী, শমিত সোমদের সফলতার কামনা করেছেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত। বাংলাদেশ ফুটবলের সফলতা কামনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ফুটবলে সফলতা আসবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা। আমরা চাই, বাংলাদেশের তরুণ ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করুক এবং একদিন বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক। আমাদের দেশ বাংলাদেশের কোচ এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রস্তুত।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা। তাবিথ আওয়াল আর্জেন্টাইন রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে বলেছেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই, শামস-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।’
বিকেলে অতিথিরা গ্রাসরুটস লেভেলে অংশগ্রহণকারী একাডেমি ও সংস্থাগুলোকে পুরস্কার ও বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এ সময় অতিথিবৃন্দের মধ্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, শামস্-উল হুদা ফুটবল একাডেমির কর্ণধার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি নাসের শাহারিয়ার জাহেদী, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ফাহাদ করিম, সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল হাসান হিল্টন, সাখাওয়াত হোসেন ভূইয়া, সাইফুর রহমান মনি, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, শামস্-উল হুদা ফুটবল একাডেমির পরিচালক শামস্-উল বারী শিমুল প্রমুখ।
