নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বারের মতো শপথ নিলেন সাইফুজ্জামান পিকুল। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৭ জন চেয়ারম্যানের সঙ্গে তিনি শপথ নেন।
চেয়ারম্যানদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, ২০১৬ সালে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে, সাইফুজ্জামান পিকুলের সঙ্গে শপথ নিয়েছেন ১১ জন সদস্য প্রার্থী। জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে যশোরে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান পিকুল। তিনি পেয়েছিলেন ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার মারুফ হাসান কাজল পান ৩৪৪ ভোট। এছাড়া নির্বাচনে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (শার্শা উপজেলা) সালেহ আহমেদ মিন্টু, ২ নম্বর ওয়ার্ডে (ঝিকরগাছা উপজেলা) রফিকুল ইসলাম বাপ্পী, ৩ নম্বর ওয়ার্ডে (চৌগাছা উপজেলা) দেওয়ান তৌহিদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে (অভয়নগর উপজেলা) আব্দুর রউফ মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া উপজেলা) সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ৬ নম্বর ওয়ার্ডে (যশোর সদর উপজেলা) মো. জবেদ আলী, ৭ নম্বর ওয়ার্ডে (মণিরামপুর উপজেলা) গৌতম চক্রবর্তী এবং ৮ নম্বর ওয়ার্ডে মো. আজিজুল ইসলাম ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে যশোর, বাঘারপাড়া ও অভয়নগর ওয়ার্ডে রেহেনা খাতুন, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা ওয়ার্ডে শায়লা জেসমিন এবং মণিরামপুর ও কেশবপুর ওয়ার্ডে তাসরিন সুলতানা নির্বাচিত হন।