নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত যশোর শহরের টাউন হল ময়দানের ঐতিহাসিক স্বাধীনতা মঞ্চের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন আজ। এদিন বেলা বারোটায় উন্নয়ন ও সংস্কার কাজের শিলান্যাস করা হবে। স্থানীয় সরকার পল্লী ও উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করবেন। মূল কাঠামো অক্ষুন্ন রেখে মঞ্চটির উন্নয়ন ও সংস্কার হচ্ছে।
দীর্ঘ দিনের অযত্ন-অবহেলায় বেহাল দশায় ছিলো ঐতিহাসিক টাউন হল মাঠ ও স্বাধীনতা মঞ্চ। রাজনৈতিক ও সাংস্কৃতিক বহু ঘটনাবলীর সাক্ষি এই মঞ্চের মর্যাদা রক্ষায় এটিই প্রথম উদ্যোগ। বহুদিন থেকে যশোরের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক অঙ্গন থেকে মাঠ ও স্বাধীনতা মঞ্চটির সংস্কার ও উন্নয়নের দাবি ছিলো।
এখন থেকে বছর দুই আগে যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় মঞ্চটি সংস্কারের জোড় দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গও এই দাবি তোলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্যও সেদিনের এই দাবির প্রতি জোড়ালো সমর্থন দেন।
মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান অ্যাডভোকেট রবিউল আলম, দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্বা একরাম-উদ-দৌল্লা, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় ও তৎকালীন মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু মঞ্চটিও সংস্কারের ব্যাপারে জোড় দাবি জানান। নবাগত হিসেবে যোগদানকারী জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানও সেদিন এই দাবির সাথে ঐক্যমত পোষণ।
স্বাধীনতা মঞ্চের উন্নয়ন ও সংস্কার কাজের অর্থায়নের ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অগ্রণী ভূমিকা রাখেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় সেই দাবি বাস্তবায়ন হতে চলেছে। যশোরের জেলা প্রশাসক হিসেবে তমিজুল ইসলাম খানও মঞ্চের উন্নয়ন ও সংস্কারে প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রেখেছিলেন।