নিজস্ব প্রতিবেদক
যশোরের তিনটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং একটি মন্দিরের পুরোহিত প্রথমবারের মতো সরকারি সম্মানী পেয়েছেন। সরকারের নতুন এই উদ্যোগ ও প্রকল্পের মাধ্যমে দেশের হাজার হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তারা এই সম্মানী গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে একটি তালিকা প্রস্তুত করে। যশোর সদর উপজেলা থেকে প্রাথমিকভাবে চারজন প্রতিনিধিকে এই সম্মানীর জন্য নির্বাচিত করা হয়।
সরকারি এই সম্মানী পাওয়া চারজন হলেন: ফতেপুর বিসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. হামিদুল ইসলাম, ডাকাতিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. আ. রহিম, কচুয়া হযরত ফাতেমা (রা.) জামে মসজিদের খাদেম মো. তরিকুল ইসলাম এবং রামনগর খড়িচাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত প্রকাশ কুমার রায়।
বিল্লাল বিন কাশেম আরও জানান, নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। শনিবার তারা ঢাকায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি সরকারি এই সুবিধা গ্রহণ করেছেন।
