নিজস্ব প্রতিবেদক: যশোর দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে রেইনবো ক্রীড়া সংস্থা। শুক্রবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১৩-০ গোলে পরাজিত করে মুন্সী এরশাদ আলী হ্যান্ডবল ক্লাবকে। ম্যাচে বিজয়ী দলের পক্ষে শুভ ও সিয়াম ৫টি করে এবং রাব্বি, প্রভাত ও বোরহান ১টি করে গোল করেন।
এছাড়া দিনের অপর দুই ম্যচে জয় পেয়েছে বদরুল আলা স্মৃতি সংসদ ও বিপণন স্পোর্টস। তাদের কাছে যথাক্রমে পরাজিত হয়েছে রউফ স্মৃতি সংঘ ও সৌখিন ক্রীড়া জাগরণ।
দিনের প্রথম ম্যাচে বদরুল আলা স্মৃতি সংঘ ৯-০ গোলে রউফ স্মৃতি সংঘের বিপক্ষে জয় তুলে নেয়। বিজয়ী দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর তারা আরও ছয়টি গোল করে। বিজয়ীদের পক্ষে বাবুল ৬টি, সাদমান ২টি ও মাসুদ ১টি গোল করেন।
দ্বিতীয় ম্যাচে বিপণন স্পোর্টস জয় তুলে নেয় ৮-১ গোলে। প্রথমার্ধ গোলশূণ্য ভাবে শেষ হয়। বিপণনের পক্ষে আদ্রিব জামান বর্ণ ৪টি, নাফিজ ২টি, বেনজির ও তাহমিদ একটি করে গোল করেন। সৌখিন ক্রীড়া জাগরণ পক্ষে একমাত্র গোলটি করেন প্রেম।