নিজস্ব প্রতিবেদক
যশোর ক্রিকেটের পুরনো ক্লাব রাইজিং স্টার ক্লাব। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে নেমে যায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে। সেই প্রথম বিভাগে টিকে থাকার লড়াইয়ের জন্য দলটিকে খেলতে হবে রেলিগেশন লিগে। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলে সুযোগ ছিল প্রথম বিভাগে টিকে থাকার। কিন্তু নিজেদের শেষ ম্যাচে হেরেছে দলটি। এসপিকে স্মৃতি সংসদের তিন উইকেটের জয়ে প্রথম টিকে থাকা নিশ্চিত করেছে দলটি। রাইজিং স্টারের করা ১৬১ রান ৩১ ওভার ৩ বল ও ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এসপিকে স্মৃতি সংঘ।
নির্বাচনের কারনে তিন দিন বন্ধ থাকার পর শুরু হওয়া লিগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাইজিং স্টারের অধিনায়ক সাজ্জাদ হোসেন শান্ত। ঘন কুয়াশার কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ভালো শুরু এনে দেন দুই ওপেনার গালিব ও পিয়াল। ১৩ ওভার চার বল স্থায়ী জুটিতে দুজনে যোগ করেন ৪৭ রান। পিয়াল ব্যক্তিগত ভাবে ১৭ রানে আউট হলে ভাঙ্গে ওপেনিং জুটি। পিয়ালের ৪৬ বলে ইনিংসে ছিল ২টি চারের মার। দ্বিতীয় উইকেটে অর্থকে সঙ্গে নিয়ে আরও ৫৭ রান যোগ করেন গালিব। তবে এ সময় ধীরগতির ব্যাটিং করে দুজন। পরের দিকে কোন ব্যাটাররা ঝড়ো ইনিংস না খেলায় নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করতে পারে রাইজিং স্টার। গালিব ৭৭ বলে ৭টি চারে সর্বোচ্চ ৪৯ রান করেন। এরপাশে অর্থ ৬৪ বলে ২টি চারে ২৮ ও দলীয় অধিনায়ক শান্ত ১২ রান করেন। অতিরিক্ত থেকে দলের খাতায় যুক্ত হয় ৩৬ রান।
এসপিকে স্মৃতি সংঘের আবিদ হাসান অয়ন ৩৭ রানে ৩টি, নাহিদ হাসান ২০রানে ২টি, মেজবাউর রহমান, রিয়াদ হাসান ও আরিফ শাহারিয়ার ১টি করে উইকেট দখল করেন।
রান তাড়ায় ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে এসপিকে স্মৃতি সংঘ। সেখান থেকে অপরাজিত অর্ধশতকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মনোয়ার হোসেন। ৩৩ বলে ফিফটি করা মনোয়ার শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৫২ বলের ইনিংসে মারেন ৯টি চার ও ২টি ছয়ের মার। এর পাশে রিয়াদ হাসান ২০, নাহিদ হাসান ও আব্দুল রহমান ১৪ রান করে সংগ্রহ করেন।
বল হাতে রাইজিং স্টার ক্লাবের আবির পাল ৩৩ রানে ৩টি, স্বাধীন ২১ ও সাদিক ২৭ রানে ২টি করে উইকেট দখল করেন।
