নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে এ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব। বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে তারা ৬০-১৯ পয়েন্টে নবাগত সিরাজুল ইসলাম স্মৃতি সংঘকে পরাজিত করে।
সিরাজুল ইসলাম স্মৃতি সংঘ প্রথম কোয়ার্টারে শুধুমাত্র কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই কোয়ার্টারে ৬-৩ পয়েন্টে এগিয়ে ছিল এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব। এরপর সময় যত গড়িয়েছে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে এ্যাপেক্সের খেলোয়াড়রা। দ্বিতীয় কোয়ার্টারে ১০-৫, তৃতীয় কোয়ার্টারে ২২-৩ ও শেষ কোয়ার্টারে এ্যাপেক্স এগিয়ে ছিল ২২-৮ পয়েন্টে।
এ্যাপেক্স ক্লাবের পক্ষে অন্তর ১৬, আকাশ ১৫, রিজভী ১৪, রুহুল ১০ ও রায়হান ৫ পয়েন্ট অর্জন করে। অপরদিকে সিরাজুল ইসলাম স্মৃতির পক্ষে অন্তু ৯টি, শুভ ও হোজাইফা ৫টি করে পয়েন্ট অর্জন করে।
এর আগে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল।
ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জমান, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, এহসানুল হক সুমন, সোহেল আল মামুন নিশাদ, লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ শহিদুল বারী রবু, ফিকশ্চার উপ-কমিটির আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, হ্যান্ডবল পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদ আয়োজিত এবারের আসরে ১০টি ক্লাব অংশ নিচ্ছে। এসব দলগুলোকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে থাকা দলগুলো হচ্ছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র, নবাগত বজলুল করিম স্মৃতি সংঘ, চাঁদের হাট, লাল দীঘি স্পোর্টিং ক্লাব ও ধুমকেতু।
‘খ’ গ্রুপে রয়েছে এপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব, সর্বশেষ দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগের রানার্সআপ সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ, গত আসরের রানার্সআপ নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ, লেকার্স ও ব্রাদার্স ইউনিয়ন। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে হবে সুপার ফোর পর্ব।
