যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজস্ব তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে সূর্য সংঘ। শুক্রবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৬০ রানে ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। সমান সংখ্যক ম্যাচে ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের তৃতীয় পরাজয়।
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের প্রতিযোগিতার কারনে দুই সপ্তাহের বিরতির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সূর্য সংঘ। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে তারা নয় উইকেট হারিয়ে ২৩৩ রানের ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ন্যাশনাল স্পোর্টিং ক্লাব সংগ্রহ করে ১৭৩ রান।
সূর্য সংঘের পক্ষে ব্যাট হাতে রনি ২৬ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ২৮, পিয়াস ৭৮ বলে নয়টি বাউন্ডারিতে ৬০, আবু বক্কর ১৮ বলে তিনটি বাউন্ডারিতে ২২, রিফাত ৭৫ বলে একটি বাউন্ডারিতে ২৩, শয়ন ৪৪ বলে দু’টি বাউন্ডারিতে ৩৩, সনি ৪৩ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৪৬ ও রাজু আহমেদ ১১ বলে একটি বাউন্ডারিতে ১০ রান করেন। বল হাতে ন্যাশনালের হয়ে শুভ ৩৭ রানে চারটি, তালেব ৩৫ রানে তিনটি ও পুতুম নেন একটি উইকেট।
ন্যাশনাল স্পোর্টিংয়ের ব্যাটিং ইনিংসে রিমন ১৫ বলে দু’টি বাউন্ডারিতে ১০, পুতুম ৬২ বলে পাঁচটি বাউন্ডারিতে ৩৩, ইসমাইল ৩১ বলে তিনটি বাউন্ডারিতে ২২, নায়েম ৪১ বলে ১৮, তালেব ৫৫ বলে তিনটি বাউন্ডারিতে ৪৮ ও সোহাগ ২৭ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন।
বল হাতে সূর্য সংঘের পক্ষে বক্কার ৩৩ রানে তিনটি, সনি ২৬ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নেন আরিফুল, সাকিব ও রনি।