যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা প্রত্যাশী দুই দল যশোর ক্রিকেট ক্লাব ও আরএন রোড ক্রীড়া চক্র। সমান চার জয় নিয়ে গ্রুপ পর্বের দুই দলের নিজেদের শেষ লড়াইটা ছিল শীর্ষস্থান দখলের। সে কারণে এ ম্যাচ ঘিরে ছিল উত্তেজনার পারদ। কিন্তু শেষ পর্যন্ত কারো ভাগ্যই জুটলো না একক শীর্ষস্থান। বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন উভয় দল।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করতে আর এন রোড ক্রীড়া চক্রকে আমন্ত্রণ জানায় যশোর ক্রিকেট ক্লাব। ব্যাট করতে নেমে শুরুটা হয় একেবারে সাদামাটা। দলীয় ২৯ রানে প্রথম উইকেটের পতন ঘটে আর এন রোড ক্রীড়া চক্রের। জাওয়াদ মো. রয়েন আউট হয়ে ফেরার আগে ২০ বলে একটি চারে করেন সাত রান। দলীয় ৩৭ রানে আউট হন দলের অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান রহমান। ৩৬ বলে দুইটি চার ও এক ছক্কায় তিনি করেন ২৪ রান।
দলীয় ৬৮ রানে তৃতীয় উইকেটের পতন হয়। আউট হন ইমন ফারাজি। তিনি ৩৪ বলে দুইটি চারে করেন ১৭ রান। দলীয় ৭৫ রানে আউট হন দলনেতা মঈদুল ইসলাম সোহেল। তার ব্যাট থেকে আসে মাত্র এক রান। স্কোর বোর্ডে মাত্র এক রান যোগ হতেই পঞ্চম উইকেটের পতন হয়। শূণ্য রানে ফেরেন এনামুল।
এরপর আর মাত্র চারটি বল মাঠে গড়ায়। তারপর শুরু বৃষ্টি ও ঝড়ো বাতাস। ঘড়ির কাঁটা তখন সকাল ১০টা ৩৫ মিনিট। দুপুর আড়াইটা পর্যন্ত অপেক্ষার পর দুই আম্পায়ার শামসুদ্দিন শাহাজী নন্টু ও রাজু পারভেজ খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এদিন শুধুমাত্র প্রথম ইনিংসের ২২ ওভার খেলা মাঠে গড়িয়েছিল। আর এন রোডের সংগ্রহ ছিল পাঁচ উইকেট হারিয়ে ৭৬ রান। বল হাতে যশোর ক্রিকেট ক্লাবের টিপু সুলতান নিয়েছিলেন ২১ রানে দু’টি ও একটি করে উইকেট নিয়েছেন আবু বক্কর জীবন, মেহেদী হাসান শিবলী ও রনি হোসেন।