নিজস্ব প্রতিবেদক
শুক্রবার ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছে যশোরের তরুণ ফুটবলার রাব্বি হোসেন রাহুলের। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামার সাথে যশোরবাসীর দীর্ঘদিনের আক্ষেপ ঘোচান রাহুল। এর কয়েকদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ দুই টুর্নামেন্ট খেলে সোমবার যশোরে ফেরেন শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের তরুণ এ ফুটবলার।
ঢাকা থেকে তিনি বিকেলে যশোর বিমান বন্দরে নামলে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা রাহুলকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন জাতীয় ফুটবল দলে যশোরের প্রতিনিধিত্ব ছিল না। আমার দ্বারা সেই আক্ষেপ দূর হয়েছে। এটা অনূভুতি প্রকাশ করার মতো না।
আসলে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া কঠিন। কিন্তু এটা ধরে রাখা আরও চ্যালেঞ্জিং। যাতে ভবিষ্যতে জাতীয় দলের যায়গা ধরে রাখতে পারে তার জন্য কঠোর পরিশ্রম করছি। এছাড়া ছোট থেকে শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার জন্য কি করতে হবে তা শিখেছে আমার স্যার (কোচ) সাব্বির আহমেদ পলাশের কাছ থেকে। তাই পলাশ স্যারের সঠিক দিক নির্দেশনায় দীর্ঘদিন জাতীয় দলে ফুটবল খেলতে পারবো।
যশোর বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, নাইনটি এফসি ক্লাবের সভাপতি মকবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নিপ্পন। যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন তরফদার। যশোর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ পলাশ পরিয়ে দেন উত্তরীয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার হাফিজুর রহমান, পিয়ারুজ্জামান পিরু, তারেকুজ্জামান রতন, ফুটবলার মফিউল্লাহ, সরোয়ার হোসেন প্রমুখ।
