নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান দেশে যে সংকট বিরাজমান এর জন্য বর্তমান ভোটারবিহীন অনির্বাচিত সরকার দায়ী। একমাত্র জনগণের সরকারই এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। আর সেই জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার। তাই বিএনপি তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
গতকাল শনিবার সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের হোটেল ওরিয়ন চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার শহরের ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা ও উপশহর ইউনিয়ন বিএনপির আয়োজনে বি ব্লক বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দার হোসেন, মীর নূর ইমাম, যুবদল নেতা তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা আলমগীর হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।
