শাহারুল ইসলাম ফারদিন
যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ (পিএসএ) মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট বা নিজস্ব অক্সিজেন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। শনিবার হাসপাতালের মর্গের সামনে ফিতা কেটে অক্সিজেন প্ল্যন্টের উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবকদের মাঝে নতুন পোশাক ও পরিচয়পত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্বেচ্ছাসেবকদের বলেন, স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ পাওয়া গেছে। এ পোষাক ও আইডি কার্ড প্রদাণের মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হলো। এরপরে যদি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে স্বাচিপের সদস্য সচিব ডাক্তার গোলাম মোতুর্জা সকলের পক্ষ থেকে তিনিটি দাবি করেন প্রতিমন্ত্রীর কাছে। সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং যাতে হাসপাতালের রোগীদের কষ্ট না পেতে হয় এ জন্য এখানে একটি বিদ্যুতের সাব স্টেশন করা হবে অথবা হাসপাতালে ভিআইপি লাইনটি সংযোগ করা হবে। যশোরবাসীর দীর্ঘদিনের দাবি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ। যা অতিদ্রুত সময় বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে তিনি এ বিষয়ে একাধিক বার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। প্রসূতি মা ও বয়স্ক রোগীদের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্সর দাবি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেটিও যাতে দ্রুত সময়ের মধ্যে দেয়া সম্ভব হয় এ বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সভায় স্বাচিপের সদস্য সচিব ডাক্তার গোলাম মোতুর্জার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ। বক্তব্য রাখেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এনকে আলম, অধ্যাপক আবু হাসনাত মোহম্মদ আহসান হাবিব, বিএমএ যশোর শাখার সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাশার প্রমুখ।
