নিজস্ব প্রতিবেদক
যশোর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির ঝিকরগাছা উপজেলার বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের আঁধারে এক অজ্ঞাত যুবক বাৃসভবনে প্রবেশ করে কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে হামলা চালায়। তাদের চিৎকারে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কাকন, রিয়েল, অনিকসহ স্থানীয়রা।
হামলাকারী ধারালো বটি নিয়ে উপস্থিত লোকজনকে ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসায় গেট টপকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সাহসিকতায় সে ধাওয়া খেয়ে আটক হয়।
হামলায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃতের নাম-পরিচয় ও হামলার প্রকৃত উদ্দেশ্য জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
