নিজস্ব প্রতিবেদক: যশোরে নূরনবী নামে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় সন্ত্রাসীরা দুই রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে বলে স্থানীয়রা দাবি করেছেন। রোববার সন্ধ্যায় ৭টার দিকে শহরের ঘোপ বুড়িরবাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা নূরনবীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তিনি একই এলাকার বাবু শেখের ছেলে।
ভুক্তভোগী নূরনবীর বোন রিয়া আক্তার জানিয়েছেন, ১৪ হাজার টাকা নিয়ে নূর নবী বৌবাজার ফুড অফিসের সামনে যাচ্ছিলেন। কিন্তু বুড়ির বাগানের কাছে পৌছানো মাত্র এলাকার রাসেল, সুজন, রেদওয়ান, সাহাবুদ্দিনসহ কয়েকজনে তার পথরোধ করে ফাঁকা গুলি ছোটে। এরপর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কাছে থাকা টাকা নিয়ে যায়। এসময় নূরনবীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ জানিয়েছেন, নূরনবীর শরীরে চারটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, নূরনবীকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে বলে শুনেছি। এখনো লিখিত অভিযোগ পায়নি। তবে জড়িতদের আটকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
ওসি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা তথ্য পেয়েছেন। তবে সেখানে গুলি বর্ষণের বিষয়টি নিশ্চিত করেননি ওসি।