নিজস্ব প্রতিবেদক
যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে স্বর্ণের ওচইন ছিনতাই ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মাহিনুর (২১), খোলাডাঙ্গা-ধর্মতলা হ্যাচারিপাড়ার সহিদুজ্জামান সরকারের ছেলে সাব্বির হোসেন মুন্না (২০) এবং খোলাডাঙ্গা কদমতলার মৃত শাহাবুদ্দিনের ছেলে আজাদ রানা (১৮)।
পুলিশ জানিয়েছে, আসামিরা সকলেই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এলাকায় চুরি ছিনতাই করাই তাদের মূলকাজ। গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে গোপিনাথপুর গ্রামের ফয়েজ কাজীর ছেলে নাসিম আহম্মেদকে ডেকে নিয়ে বি-পতেঙ্গালীর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। এরপরে তাকে অন্য আসামিরা পথরোধ করে। সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং কাছে থাকা মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এরপরে নাসিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ এবং ডিবি পুলিশকে অবহিত করেন নাসিম। ডিবির এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ওইদিন রাতেই অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে এই ব্যাপারে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
