নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কারবালা কবরস্থানে বিপ্লব মোল্লা নামে এক যুবকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নাইম হোসেন প্রান্ত নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে। আহত বিপ্লব মোল্লর বাড়ি ধর্মতলায়।স্থানীয়রা প্রান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারবালা মসজিদের সামনে পুকুরের সিঁড়ির কাছাকাছি এক যুবক দাঁড়িয়ে ছিলো। হঠাৎ প্রান্তসহ আরও কয়েকজন হাতে গাছি দা নিয়ে ওই যুবকের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি ভাবে ঘাড়ে, কানে ও ডান পায়ের হাঁটুতে কোপায় । এসময় আশপাশের লোকজন এসে প্রান্তকে ধরে ফেলে।
ঘটনার পরই কারবালা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ইবাদত ছেড়ে কারবালা এলাকা ত্যাগ করেন।
কোতোয়ালি থানার এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা কারবালা কবরস্থানে গিয়ে প্রান্তকে হেফাজতে নেন ।