নিজস্ব প্রতিবেদক
একটি ছবির সামনে কয়েক মুহূর্ত থামতে হলো। সাদা ক্যানভাসে লাল-কালো রঙের আভার মতো ফুটে উঠেছে কয়েকজন মানুষের প্রতিচ্ছবি। কারো চিৎকাররত মুখে মুষ্টিবদ্ধ হাত, কারো বা হাতে প্লেকার্ড। তাতে লেখা রাষ্ট্রাষা বাংলা চাই। ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। সেখান থেকে ঘুরে দাঁড়ালে চোখে পড়ে আরেকটি ক্যানভাস। সেখানে ফুটে উঠেছে প্রকৃতির বেদনা ও চিৎকার। জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট যশোর চত্বরে ছড়িয়েছে এমন অর্থবহ নানা চিত্র। রং-তুলির মুক্ত আঁচড়ে ২১ শিল্পী তুলে এনেছেন ৫২ ভাষা আন্দোলনের নানান দৃশ্যপট। শুধু ভাষা আন্দোলন নয়; ক্যানভাসে উঠে এসেছে প্রাণ প্রকৃতিসহ মানুষের সংগ্রাম ও তার জীবনযাপনের বিচিত্র নানান দৃশ্যপট। অমর শহিদ দিবস উপলক্ষে চাঁদের হাটের ৫ দিন ব্যাপি কর্মসূচির প্রথম দিনে দিনব্যাপী এই আর্ট ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন, চাঁদের হাটের এই আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নানা দৃশ্যপট উঠে আসবে। এই আয়োজন অন্যদের অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি।
এসময় উপস্থিত ছিলেন চাঁদের হাটের একুশে উদযাপন পর্ষদের আহ্বায়ক তন্দ্রা ভট্টাচার্য্য ও সদস্য সচিব ডা. আবুল কালাম আজাদ লিটু, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, কৃষি গৌতম। আর্ট ক্যাম্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যশোর ও খুলনা আর্ট কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থীসহ চিত্রশিল্পীরা অংশ নিয়েছেন। এই শিল্পীদের আঁকা ছবি নিয়ে আজ জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চার দিনের চিত্র প্রদর্শনী শুরু হবে। চলবে আগামি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন:৪ বছরে কোটি টাকা খরচ, আয় ১০ লাখ
