সংবাদ বিজ্ঞপ্তি
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু ভারতের ‘বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন। ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও শ্রুতিবৃত্ত এ অ্যাওয়ার্ড প্রদান করে। শুক্রবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ীর রথীন্দ্র মঞ্চে ‘ভারত-বাংলাদেশ রবীন্দ্র-নজরুল বঙ্গ উৎসবে’ আরজুকে এ পুরস্কার প্রদান করা হয়। এনজিও এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া এ অ্যাওয়ার্ড আরজুর পক্ষে কলকাতা বিধাননগর পৌর মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কাছ থেকে গ্রহণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ।
আরজু ১৯৭৫ সালে যশোর শহরের কয়েকজন যুবককে সাথে নিয়ে গড়ে তোলেন ‘জাগরণী চক্র’ নামে একটি সংগঠন। তার প্রজ্ঞা ও পরিশ্রমে গড়ে ওঠা এই সংস্থাটি সমাজ উন্নয়নে ব্যতিক্রমী ও উদ্ভাবনী কাজের জন্য আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও সুপরিচিত। দেশের ৫১টি জেলায় বিস্তৃত রয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যক্রম।
