নিরঞ্জন চক্রবর্তী, নেংগুড়াহাট
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে বানানো ট্রলিতে মাটি বহন করায় বৃষ্টি হলেই সড়কে পড়া মাটি গলে কাঁদা পানি জমে চলাচলে ভোগান্তি হচ্ছে। মাটি বোঝায় হাইড্রলিক ট্রলির চলাচলে সড়ক ডেবে গিয়ে হচ্ছে বেহাল। এতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ।
উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট, মশ্মিমনগর, রোহিতা, শ্যামকুড়, খেদাপাড়া, হরিহরনগর, চালুয়াহাটিসহ বিভিন্ন এলাকায় চাষাবাদের জন্য ব্যবহৃত ট্রাক্টরকে ইটের ভাটার মাটি বহনের জন্য ট্রলি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন গ্রাম্য সড়কে প্রতিদিন শত শত বার অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করে ট্রলি। যার কারণে সড়কগুলো নষ্ট হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ফসলি জমির মাটি কেটে খালি জায়গা ভরাট এবং ইটভাটায় সরবরাহ করা হচ্ছে মাটি। ট্রলিগুলোর বেপরোয়া চলাচল বন্ধ ও সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো সাড়া মেলেনি বলে দাবি এলাকাবাসীর। অন্যদিকে, সড়কে পড়া মাটির স্তুপগুলো বৃষ্টি হলেই পরিণত হয় কাঁদায়। মাটির ট্রলির চলাচলের কারণে সড়কের এমন দূরবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। রাজগঞ্জের হানুয়ার গ্রামের সিরাজুল ইসলাম জানান, কিছুদিন আগেই যে সড়ক ভালো ছিল। ট্রলি দিয়ে অনবরত মাটি বোঝাই করে আসা-যাওয়ার কারণে বড় ধরণের খানাখন্দ ও ফাঁটল সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সড়কে পড়া মাটির স্তুপ গলে কাঁদাসহ পানি জমে।
