নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে কারেন্ট পোকা, শীষকাটা ও মাজরার আক্রমণে এলাকার কৃষকদের মাথায় হাত উঠেছে। তিন প্রকার পোকার আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে ধানের গাছ।
ওষুধ এই পোকা দমন করতে পারছে না। আবার হঠাৎ চাহিদা বাড়ায় কীটনাশকের সংকটও সৃষ্টি হয়েছে। চালুয়াহাটি ইউনিয়ন কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, চালুয়াহাটি ইউনিয়নে বোরো ধানের আবাদ হয়েছে ১ হাজার ৭২০ হেক্টরে জমিতে। কৃষকদের অভিযোগ- জমির ধান নষ্ট হয়ে গেলেও কৃষি বিভাগ কোন সাহায্য করছে না। এমনকি কোন পরামর্শও দিতে আসেনি।
লক্ষণপুর গ্রামের কৃষক শফি বিশ্বাস বলেন, আমার ৮বিঘা, আবুল কালামের ৪ বিঘা, সোলেমান বিশ্বাসের ১০ বিঘা, আবু দাউদের ৮ বিঘা, আবুল হাসানের ৮ বিঘা, ডাক্তার আব্দুর রহমানের ৪ বিঘা, আব্দুল কাদেরের ৪ বিঘা ধানক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে ধান ক্ষেত বাদামি রঙ ধারণ করেছে। দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্ষেতের পোকা দমনে যে কীটনাশক ব্যবহার করতে বলছেন, তা চাহিদার তুলনায় বাজারে কম পাওয়া যাচ্ছে।