বেনাপোলের কাগজপুকুরে উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাগজপুকুরে ২৬ নভেম্বর (বুধবার) সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচন প্রস্তুতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, “বেনাপোল স্থলবন্দর এই অঞ্চলের প্রাণ। সীমান্তসংলগ্ন কাগজপুকুর গ্রামের গুরুত্ব অত্যন্ত বেশি। সুযোগ পেলে এ এলাকার যোগাযোগ, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতা আরও বাড়াতে চাই।” তিনি ছাত্রজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার স্মৃতি উল্লেখ করেন এবং বলেন, “গণতন্ত্রের জন্য আমরা সব সময় কাজ করেছি, রাজনৈতিক নিপীড়ন-নির্যাতনের মধ্যেও মানুষের পাশে থেকেছি।”
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচিত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করব এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করব।” জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হিসেবে জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় চালুর প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন। নারীদের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, আধুনিক স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন এবং কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারও তার বক্তব্যে জোর দেওয়া হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাগজ পুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি এয়াকুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহাবুদ্দিন, ইদ্রিস মালেক, নাসিমুল গনি বল্টু, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, আহ্বায়ক জিয়াউর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উঠান বৈঠকে প্রার্থীর সঙ্গে উপস্থিত নেতৃবৃন্দের সংক্ষিপ্ত আলাপচারিতায় কাগজপুকুর এলাকার উন্নয়ন, স্থানীয় বাণিজ্য প্রসার, নারীদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির অগ্রাধিকারের বিষয়গুলো আলোচনা করা হয়।
