কল্যাণ ডেস্ক: ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন। খারকিভের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারে অপেরা হাউজ, কনসার্ট হল, সরকারি কার্যালয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ‘প্রাণঘাতী’ এবং ‘বর্বরোচিত’ বলেছেন কর্মকতারা। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধাপরাধ করছে। রাশিয়া বাহিনী আজ খুব নির্মমভাবে খারকিভকে কামানের গোলার নিশানা করেছে। এটি একটি শান্তিপূর্ণ স্থান, শান্তিপূর্ণ শহরতলীৃ রুশরা জানে তারা কোথায় গোলাবর্ষণ করছে।
ভিডিও ফুটেজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র স্থানীয় সরকারি ভবনে আঘাত হেনে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। কয়েকদিন ধরেই খারকিভে ভারি গোলাবর্ষণ করছে রাশিয়া।
খারকিভ এবং রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরগুলো রাশিয়া ঘিরে ফেলতে চাইছে বলে অভিযোগ করেছে ইউক্রেইন সরকার। রাশিয়া যুদ্ধাপরাধ করছে এমন অভিযোগও বাড়ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ দেশটির স্থানীয় সরকারের কর্মকর্তারা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বলছে, আবাসিক এলাকায় হামলার ঘটনা তদন্ত করে দেখা দরকার। জেলেনস্কি বলেছেন, একটি রাষ্ট্র, যারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হতে পারে না।
রাশিয়া এর আগে আবাসিক এলাকাগুলোকে হামলার নিশানা করার কথা অস্বীকার করেছে। তবে যুদ্ধাপরাধ খতিয়ে দেখার দায়িত্ব পালন করা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরুর চেষ্টায় আছে।
তদন্তকাজ শুরু করতে আইসিসি’র প্রধান কৌঁসুলির এখনও প্রয়োজন বিচারকদের অনুমোদন। তার আগে, তিনি তার তদন্ত দলকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার মতো নীপিড়নমূলক ঘটনার প্রমাণ জোগাড় করতে বলেছেন।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ফ্রিডম স্কয়ার এবং আবাসিক এলাকাগুলোতে বর্বরোচিত হামলার জন্য রাশিয়াকে শাস্তি দিতে বিশ্বের আরও বেশিকিছু করা উচিত। রাশিয়া ক্ষোভের বশে আরও বেশি যুদ্ধাপরাধ করছে এবং নিরীহ মানুষ মারছে বলে তিনি অভিযোগ করেন।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়েছে। কয়েকদিক থেকে এই হামলা চলছে। তবে ইউক্রেইনের প্রতিরোধের মুখে রাশিয়ার অভিযান শম্ভুকগতিতে চলছে। খেরসন শহরের বাসিন্দারা বলছে, শহরটি এখন ঘেরাও হয়ে পড়েছে। মারিউপোল বন্দর নগরীর মেয়র জানিয়েছেন, রাতে শহরটিতে গোলাবর্ষণ হয়েছে।
খেরসন শহরের মেয়র বলেছেন, রুশ সেনারা শহরটির চারপাশে চেকপয়েন্ট বসাচ্ছে। এই শহরটি রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের কাছে। রুশ সেনারা শহরটি ঘিরে ফেললেও এটি ইউক্রেইনের ছিল এবং ইউক্রেইনের হাতেই থাকবে” বলে প্রত্যয় ব্যক্ত করেছেন খেরসনের মেয়র।
শহরটি থেকে এক সাংবাদিক ইউক্রেইন ২৪ সম্প্রচারমাধ্যমকে বলেছেন, শহরটি আসলে ঘেরাও হয়ে গেছে। সেখানে সব দিক থেকে প্রচুর রুশ সেনা এবং সামরিক সরঞ্জাম জড়ো হয়েছে। সেনারা শহর থেকে বেরোনোর পথে চেকপয়েন্ট বসাচ্ছে।
ওদিকে, বন্দরনগরী মারিউপোলের মেয়র ইউক্রেইন ২৪ নিউজকে কড়া ভাষায় বলেছেন, “রুশ নাৎসিরা ইউক্রেইন জাতিকে গণহত্যা করার চেষ্টা করছে। আমরা শেষ বুলেটটি পর্যন্ত লড়ে যাব।
ওদিকে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন বলেছেন, মঙ্গলবারে তার বাহিনীর লক্ষ্য হচ্ছে মারিউপোল ঘিরে ফেলা।