নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় যশোরের ঝিকরগাছায় রাসেলস ভাইপার সাপ নিয়ে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাপের আতঙ্ক দূর করতে শনিবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিফলেট বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগি ও অন্যান্য সেবা গ্রহীতাদের মাঝে লিফলেট বিতরণ ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম।
এ সময় তিনি বলেন, সাপে দংশন করলে ভয় পাওয়া যাবে না। বেশির ভাগ সাপই বিষধর নয়। তবে রাসেলস ভাইপার অন্যান্য বিষাক্ত সাপের মতোই বিষাক্ত সাপ। তবে এটি ভদ্র প্রকৃতি। কেউ তাকে রাগান্বিত না করলে সাধারণত সে কামড়ায় না। বাড়িতে থাকা ছোট ব্যাঙ ও অন্যান্য পোকামাকড় খেতে আসে এই সাপ। সে সময় কেউ তাকে আঘাত করলে সে দংশন করে।
তিনি আরও বলেন, রাসেলস ভাইপার সাপ দংশন করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসতে হবে। কোনো মতেই ওঝা বা কবিরাজের শরণাপন্ন হয়ে সময় নষ্ট করা যাবে না। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম (সাপের বিষ প্রতিষেধক) রয়েছে। যত দ্রুত সাপে কাটা রোগি হাসপাতালে আসবে তত দ্রুত সুস্থ হবে।
সকলের উদ্দেশ্যে ডাক্তার রশিদুলের পরামর্শ, বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে পোকা-মাকড় বা ব্যাঙ যেনো না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
