নিজস্ব প্রতিবেদক: রেডক্রিসেন্ট যশোর ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন জাহিদ হাসান টুকুন এবং ক্রীড়া সংগঠক ও রাজনীতিক আসাদুজামান মিঠু।
অন্য পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
রেডক্রিসেন্ট যশোর ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য ইতিমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর। কমিশনার হয়েছেন অ্যাড. শাহরিয়ার বাবু ও সাবেক সমবায় কর্মকর্তা দীপক কুমার রায়।
নির্বাচন কমিশনার অ্যাড. শাহরিয়ার বাবু জানান, নির্বাচনে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম মিলন, সদস্য পদে খন্দকার মাহফুজুল হক ফারুক, অ্যাড. গাজী আবদুল কাদের, মুস্তাক হোসেন শিম্বা, আক্তারুজ্জামান তুহিন ও মাহমুদ হাসান বিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ করা হবে।
এদিকে সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজামান মিঠু আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। তিনি সার্বিক বিষয় নিয়ে তার বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন।