নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেট এলাকায় এক যুবকের ওপর ককটেল হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। আসামিরা হলো, সদর উপজেলার পুলেরহাটের কবির হোসেনের ছেলে মুরাদ হোসেন ও শহরের রেলগেট চোরমারা দীঘির পাড় এলাকার রবি ওরফে পিচ্চি রবি।
মামলায় বলা হয়েছে, প্রাইভেটকার চালক রনি গত শনিবার বিকেল তিনটার দিকে বাড়ির সামনে ছিলেন। এসময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার জন্য বলেন। কিন্তু রনি জানিয়ে দেন তার ভাড়া আছে। তিনি অন্য ভাড়ায় ব্যস্ত থাকায় তাই বেনাপোলে যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
আধা ঘণ্টা পর আসামিরা তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার এসআই নকীব ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি তৎপরতা রয়েছে।
