কল্যাণ রিপোর্ট: যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় গত শনিবার রাতে একটি বাড়িতে হামলা এবং লুটপাট করেছে একদল দৃর্বৃত্ত। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
রেলগেট পশ্চিমপাড়ার মৃত শাহাজান বিশ্বাসের স্ত্রী বাসনা বেগম অভিযোগ করেন, একটি সন্ত্রাসী চক্র তার কাছে টাকা দাবি করে আসছিলো। তিনি তাদের টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে মারপিট, খুন-জখমের হুমকি দেয়। বাড়িতে বোমা মারারও ভয় দেখায়। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা খুলতে বলে। কিন্তু তিনি খুলে না দেয়ায় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের দরজা ও জানালা কোপায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা তাকে এবং তার মেয়ে পপি ও ৩ বছর বয়সের পোতা ছেলে রাফিকে মারপিট করে। পরে ঘরের শোকজের ভেতর থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, দেড় ভরি সোনার অলঙ্কার ও ৪ ভরি রূপার অলঙ্কার নিয়ে যায়।
ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে রোববার কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলো, চাঁচড়া ডালমিল তেঁতুলতলার কুদরত (২৮), ইমন (২৫), রেলগেটের হৃদয় (২২), রকি (২৫), দেলো (২০), সোহেল (২৬), আসিফ-১ (১৯) ও আসিফ-২ (২৫)।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আনারুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়েছেন। ঘরের ভেতর চাল ছড়ানো ছিটানো ছিলো। বিষয়টি তিনি পরে কোতোয়ালি থানার ওসিকে জানিয়েছেন।