বাগআঁচড়া প্রতিনিধি
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআঁচড়ার বাবু চেয়ারম্যান মার্কেটের ভেতরে টিউবওয়েলের পাশ থেকে এ বোমা তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
