নিজস্ব প্রতিবেদক
গত শনিবার যশোরের শার্শার উপজেলার পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে মহিউদ্দীন নামের এক অসহায় ব্যক্তির পৈত্রিক ভিটার ৩ লাখ টাকা মূল্যের ৬টি গাছ জোরপূর্বক কেটে নেয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গোগা গ্রামে মহিউদ্দিনের পৈতৃক ভিটার এই গাছ কেটে নেয় গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের রমজান আলীর ছেলে হবিবরও মাহবুব আলীর ছেলে আরিফুর রহমান। তবে এই গাছ কাটার সাথে মহিউদ্দিনের ভাই মাসুম বিল্লাহও জড়িত এমনটিও অভিযোগ করেছে ভুক্তভোগি।
ভুক্তভোগি মহিউদ্দিন জানান,তার ভাই মাসুম বিল্লাহ তার শরিকের অংশ আগে থেকেই বিক্রি করেছে। সে এখন পৈত্রিক ভিটার ওই গাছের কোন অংশের দাবিদার নয়। হঠাৎ করে ১৫ থেকে ১৬ জন লোক তাদের ভিটা বাড়ির সকল গাছ কাটতে আসলে বাঁধা দেয়া হয়। এ সময় ছোট ভাই মাসুমের কাছ থেকে গাছ কিনেছে জানিয়ে বাঁধা উপেক্ষা করে ৬ টি বড় গাছ তারা কেটে নেয়। গ্রাম্য শালিশে গাছ কাটতে নিষেধ করলেও সন্ত্রাসী বাহিনী কেউ শোনেনি।
এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পারিবারিক ভাবে মীমাংশা করতে বলা হয়েছে। যদি সেটা না হয় আইনী ব্যবস্থা নেয়া হবে।