নিজস্ব প্রতিবেদক
ইনিংসের শুরুতে দেখে শুনে খেলো। তাতে রান কত হলো দেখার দরকার নেই। ১০ ওভার পরে যেয়ে অ্যাটাক। প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা দুমড়ে মুচড়ে ফেল। এই ছিল যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের দল চৌগাছার সাফল্যর মূলমন্ত্র।
বৃহস্পতিবার ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে প্রতিপক্ষ ইয়াং ড্রাগন মার্শাল আর্ট প্রথমে ব্যাট করে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। সেই রান তাড়া করতে যেয়ে চতুর্থ ওভারে দুই উইকেট হারিয়ে বসে তারা। সেখানে প্রতিআক্রমণ শুরু করে সোহাগ ও পার্বন। দলের আর কোন বিপদ না বাড়িয়ে পার্বন ও সোহাগ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। দুজনকে যখন সতির্থরা জয়ের আলিঙ্গনে বাধতে আসছিলে তখনো চৌগাছার হাতে ছিল ৮ উইকেট ও ৩৯ বল।
পার্বন ৬৩ বলে ৮টি চার ও ১২টি ছয়ে ১২১ রান করে মাঠ ছাড়েন। অপর অপরাজিত ব্যাটার সোহাগ ৪২ বলে ৫টি চার ও ৭টি ছয়ে ৭১ রান করেন। ইয়াং ড্রাগনের লিমন একটি উইকেট দখল করেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়াং ড্রাগন মার্শাল আর্টের অধিনায়ক জুয়েল। ব্যাট করতে নেমে অধিনায়ক জুয়েলের অপরাজিত অর্ধশতকে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে প্রান্ত ২৬ বলে ৮টি চার ও এক ছয়ে ৪২, দিপু ৪৪ বলে ৭টি চার ও একটি ছয়ে ৪৩, জুয়েল ২৮ বলে ৭টি চারে ৩টি ছয়ে ৫৯ ও নিপু ১২ বলে ২২ রান করেন।
বল হাতে চৌগাছার সিন ৪৭, লিমন ৩০ ও কাজল ১৬ রানে ২টি করে উইকেট দখল করেন। ফাইনালে উঠে আগেই আগামী মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যায়গা করে নেয় দল দুটি।
লিটন ট্রাভেলস ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন চৌগাছার পার্বন রায়। এছাড়া আব্দুল্লাহ খান স্মৃতি ফাউন্ডেশনে উদ্যোগে দেয়া আব্দুল্লাহ খান স্মৃতি স্মরক সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন একই দলের সাদিকুর রহমান সিন।
খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসেদ শফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ^াস। ক্রীড়া সংগঠক নিবাস হালদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো।
