নিজস্ব প্রতিবেদক: যশোরে একটি শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল আব্দুল হাকিমের (৫৫)। তিনি একজন ব্যবসায়ী। দ্রুতগতিতে আসা ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। তিনি ভোরের সাথীর নিয়মিত সদস্য ছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলেগেট পশ্চিম পাশে বাসার সামনে রেল লাইনের উপর একটি ছোট শিশু দাঁড়িয়েছিল। এ সময় বেনাপোলগামী বেতনা কমিউটার ট্রেন দ্রুতগতিতে যাচ্ছিলো। এ সময় ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে আব্দুল হাকিম স্লিপারে হোঁচট লেগে পড়ে যান। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, গাড়ীখানা রোডে জেনেভা ওয়াচের সত্ত্বাধিকারী ছিলেন আব্দুল হাকিম। তিনি ভোরের সাথী সংগঠনের সদস্য ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবারও ভোরে হাঁটতে বের হন। বাড়ি ফেরার সময় তিনি রেললাইনে এক শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে যান তাকে বাঁচাতে। কিন্তু শিশুটির প্রাণ রক্ষা হলেও মারা গেলেন নিজেই। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহীনুর রহমান সোহাগ জানান, সকাল ৮.৪০ মিনিটে আব্দুল হাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
যশোর জিআরপি’র ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, অসাবধানতার কারণে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে।