আব্দুল্লাহ আল মামুন সোহান, মনিরামপুর (যশোর) :
কনকনে শীতে কাঁপছে যশোরসহ সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে মনিরামপুর উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে রোববার (৫ জানুয়ারি) রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাত নয়টার দিকে হঠাৎ করেই মনিরামপুর উপজেলার হরিদাসকাটি বাজারসহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে ইউএনওকে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম।
কনকনে শীতের রাতে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না’র হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায়রা আবেগে আপল্লুত হয়ে পড়েন। শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। সুর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই শীতের রাতে ইউএনওর দেওয়া শীতবস্ত্র (কম্বল) তাদের অনেকটাই রক্ষা করছে।
মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
