নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ‘বিএনপির আন্দোলনের নামে নাশকতার পরিকল্পনা দেশবাসী মেনে নেবে না। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করলে দেশ থেকে পালানোর পথ পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষকে সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে দেশবিরোধী কোন ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না। আগামী ২৪ নভেম্বর যশোরের জনসভা থেকে সারাদেশে সেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আন্দোলনের নামে মানুষ খুন, আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াওকারীদের কোনভাবেই আশ্রয় দেয়া হবে না।
রবিবার (১৪ নভেম্বর) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।’
প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘দেশবাসী মনে-প্রাণে বুঝতে পারছে শেখ হাসিনা ছাড়া কারো হাতে দেশ নিরাপদ নয়। দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে সবাই ঐক্যবদ্ধ।
শেখ হাসিনার হাতে দেশের চাবি থাকলে সাধারণ মানুষ ভাল থাকবে। দেশের সম্মান বৃদ্ধি পাবে। হাওয়া ভবনের মত ছায়া সরকার থাকবে না। লুটপাট হবে না। বিএনপির ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসী প্রস্তুত।
এ সময় নেতৃবৃন্দ নরেন্দ্রপুর, রামনগর ও কচুয়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের সার্বিক ব্যবস্থাপনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোদাচ্ছের আলী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার ও নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিএম সবুজ।