আব্দুল্লাহ আল মামুন (সোহান),মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে আমেনা বেগম (৭৬) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের বিজয়রামপুর-খইতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম পৌর শহরের দূর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে খইতলা মোড়ে গোলাম মোস্তফার দোকানের সামনে উপুড় অবস্থায় আমেনা বেগমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই সময় তার মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আমেনা বেগম মৃত্যু হয়েছে।
মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড (দূর্গাপুর-স্বরুপদাহ) কাউন্সিলর আদম আলী বলেন, আমেনা বেগম ৫০ বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান দৈনিক কল্যাণকে বলেন, বুধবার রাতের কোনো এক সময় চলন্ত বাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
