কল্যাণ ডেস্ক
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দেশের নানা প্রান্তে জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তিনি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও যোগ করেন, দেশের উন্নয়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা অপরিহার্য। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয়, সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে। দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি সবাইকে আহ্বান জানান, সমবায়ের চেতনাকে ধারণ করে সমতা ও সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার।
ড. মুহাম্মদ ইউনূস ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’-এর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
