নিজস্ব প্রতিবেদক
যশোরে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে বিধান, এটাই শেখ হাসিনা তৈরি করেছেন। জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকীতে সোমবার বিকেলে শহরের বিডিহলে যশোর জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, আজকে পুলিশের অনুমতি নিয়ে রাজনৈতিক দলকে কথা বলতে হয়। আবার সংবাদপত্রগুলো সবকথা ছাপাতে পারে না, ছাপাতে ভয় পায়।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন। উনার ভোট লাগে না, নির্র্বাচন লাগে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি নির্বাচন পর্যন্ত বঙ্গ ভবন থেকে শেখ হাসিনা যে তালিকা দেন, সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন প্রকাশ করবেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে বিধান, এটাই শেখ হাসিনা তৈরি করেছেন। এর বাইরে অন্য কিছু হয় না। তাই প্রধানমন্ত্রীর জনগণের দরকার পড়ে না, বেনজির আজিজদের মত কিছু লোকদের দরকার পড়ে।
তিনি বলেন প্রধানমন্ত্রীর পিতা (প্রধানমন্ত্রীর পিতা) এদেশের জমিদার, সে জমিদার কন্যা, উনি ছাড়া বাংলাদেশে আর কেউ রাজনীতি করবে না।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে কোন রাজনৈতিক দল বন্ধ করেননি। প্রতিটি রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, যেমন আপনার পিতা (প্রধানমন্ত্রীর পিতা) দেননি, আপনি দিচ্ছে না। হেরে যাওয়ার ভয়ে আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন না। তিনি বলেন, জিয়াউর রহমান অতি অল্প সময়ে দেশের জন্য যে অবদান রেখে গেছেন। তার বর্ণনা করা বেশ কঠিন। যারা জনগণ, সততা, ন্যায়ের পক্ষে কাজ করেন তারা অল্প সময়ে অনেক কিছু করতে পারেন। জোর করে তাদের ক্ষমতা নিতে হয় না, জোর করে তাদের ক্ষমতায় রাখা যায় না।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন আলোচনা সভা পরিচালনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. মুসা, অ্যাড. মো. ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম প্রমুখ।
