নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এমএম আলী রোডের সাকিব ফার্মেসিতে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ওষুধ পুড়ে গেছে বলে দোকানের পরিচালক জানিয়েছেন।
ফার্মেসির পরিচালক খুরশিদ জুয়েল জানান, বুধবার রাত এগোরাটার দিকে তারা ফার্মেসি বন্ধ করে বাড়িতে যান। ভোর ৫টার দিকে দোকানে আগুন লাগে। বিষয়টি তাকে ফোন করে জানান স্থানীয় নাইটগার্ড আব্দুল মজিদ। এসময় তিনিসহ তার দোকানের সহকারী গোবিন্দ চন্দ্র দাস (সবুজ) ঘটনাস্থলে এসে দেখেন দোকানের সব পুড়ে শেষ। ১০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
যশোর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. আব্দুস শহীদ চাকলাদার পান্নু বলেন, বিষয়টি নিয়ে ওষুধ কোম্পানির কর্মকর্তাদের সাথে মৌখিক আলোচনা করা হয়েছে। আশা করছি কিছুটা ক্ষতি কোম্পানি পুষিয়ে দিবে।
এদিকে, আগুন লাগার সত্যতা নিশ্চিত করে যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, অগ্নিকােণ্ডের খবর পেয়ে ভোর পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১০ মিনিটের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে।
