নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে দুই নারী আত্মহত্যা করেছেন। তারা হলেন শহরের সিটি কলেজ পাড়ার নাইমা খাতুন (২০) ও বেনাপোলের বালুন্ডা জেলে পাড়ার তন্বী মন্ডল (১৫)। তন্বী মন্ডল এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পুলিশ জানায়, বুধবার সকালে যশোরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে নাইমা খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেন। তিনি সিটি কলেজপাড়ার ফরিদ হোসেনের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ তার মৃত্যু নিশ্চিত করেন।
এদিকে একইদিন ভোর রাতে বেনাপোলে মায়ের ওপর অভিমান করে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তিনি বেনাপোলের বালুন্ডা জেলে পাড়ার শ্রী রাম মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানায়, তন্বী পড়ার সময় মোবাইল ব্যবহারকালে তার মা বকা দেয়। এতে সে মায়ের ওপর অভিমান করে ভোর রাতে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে তার মা মেয়ের ঘুম থেকে উঠতে দেরি দেখে জানালা দিয়ে দেখে তন্বী ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে তাকে নিচে নামায়।
বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া সত্যতা স্বীকার করেছেন।
