নিজস্ব প্রতিবেদক: পূর্বশত্রুতার জের ধরে যশোর শহরতলীর সুজলপুরে সাকিব (২৫) ও নাহিদ (২৩) নামে দুই বন্ধুকে মারপিটের অভিযোগে কোতোয়ালি থানায় শনিবার মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সুজলপুর এক নম্বর পাড়ার জাকারিয়ার চায়ের দোকানের সামনে।
আসামিরা হলো, একই এলাকার খোরশেদ আলীর চার ছেলে ইরিয়ান (২৩), নচুয়া (৩৫), ইমরান (২৬) ও সেলিম (৪০) এবং মাইনো গাজীর দুই ছেলে মতিয়ার গাজী (৫০) ও ফসিয়ার গাজী (৩৫) এবং মতিয়ার গাজীর ছেলে অপু (২৩)।
ওই এলাকার আরিফা বেগম (৫০) এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার ছেলে সাকিবের পূর্ব শত্রুতা ছিলো। সেকারণে তাকে মারপিট ও খুনের ষড়যন্ত্র করে আসছিল আসামিরা। গত ২০ মে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে সুজলপুর বাজারের জাকারিয়ার চায়ের দোকানে অবস্থান করছিল। সে সময় আসামিরা এসে তাকে মারপিট করে। লোহার পাইপ, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে। এ সময় সাকিবের বন্ধু নাহিদ ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। তাদের কাছ থেকে সোনার আংটি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আশেপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।