কল্যাণ রিপোর্ট
সুদে ব্যবসায়ীর হাত থেকে রেহাই পেতে যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন শহরের এক সিটি গোল্ড ব্যবসায়ী।
রোববার দুপুরে চুড়িপট্টির সিটি গোল্ড ব্যবসায়ী রিংকু দেবনাথ লিখিত বক্তব্যে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দায় পড়ে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মাসুদ পারভেজের বাড়ির ভাড়াটিয়া আমিরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিলাম। এসময় তাকে ২ লাখ টাকা লেখা একটি চেক দেয়া হয় এবং লাভ হিসেবে প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে থাকি। গত নভেম্বরে সমস্যাজনিত কারনে তাকে ৫হাজার টাকা দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সমুদয় টাকা ফেরতের দাবি করলে আমি ২ মাসের সময় নিয়েছিলাম।
এরই মধ্যে ২৪নভেম্বর আইনজীবী মারফত আমাকে একটি উকিল নোটিশ পাঠানো হলে আমি হতবাক হই। যাতে আমার দেয়া চেকটিতে ৭ লাখ ৮৫ হাজার টাকা উল্লেখ করে ডিজঅনার দেখানো হয়েছে। তিনি ইতোমধ্যেই এ ব্যাপারে আমার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানতে পেরেছি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।