নিজস্ব প্রতিবেদক: যশোরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সারারাত আটক রেখে জোর করে ধর্ষণের অভিযোগে শাহারিয়ার সুজন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা যশোর কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে থানায় মামলা করলে গভীর রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আটক যুবক শাহরিয়ার সুজন যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা আব্দুল মতলেবের ছেলে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ের সাথে সুজনের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় ঘটে। পরবর্তীতে সেটি প্রেম-ভালোবাসায় রুপ নেয়। প্রায়ই সময় তারা একে অন্যের সঙ্গে মোবাইলে কথা বলতো।
গত ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে সুজন তার মেয়েকে বিয়ে করবে বলে নিউ মার্কেট শিশু হাসপাতালের সামনে মোবাইলে ডেকে নিয়ে আসে। সারাদিন বিয়ে করবে বলে মোটরসাইকেলে ঘুরিয়ে বিয়ে না করে রাত ৮টার দিকে তার বাসায় নিয়ে যায়। সারারাত সেখানে তার মেয়েকে ধর্ষণ করে।
এসময় তার মেয়ে বাধা দিলে সুজন তাকে মারপিট করে। পরের দিন ৭ ডিসেম্বর সকালে বিয়ে না করে আমার বাড়ি থেকে বের করে দেয়।
এই বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একে এম শফিকুল আলম চৌধুরী বলেন, বুধবার রাতে মামলা হলে তাকে গ্রেফতার করি। মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞ আদালত ২২ ধারায় শিক্ষার্থীর জবানবন্দি নিয়েছে। তিনি আরো বলেন, আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।