নিজস্ব প্রতিবেদক: স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আব্দুস সালাম নামে এক সরকারি চাকরিজীবীর নামে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার বাঘাপাড়ার বহরামপুর গ্রামের রাশেদুজ্জামানের মেয়ে কানিজ ফাতেমা বাদী হয়ে মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মাহাদী হাসান অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি নোটিশ জারির আদেশ দিয়েছেন। আব্দুস সালাম মাগুরা শালিখার পিয়ারপুর গ্রামের মৃত হেদায়েত মাস্টারের ছেলে। তিনি বর্তমানে বিশেষ বাহিনীতে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি আব্দুল সালাম পারিবারিক ভাবে কানিজ ফাতেমাকে বিয়ে করেন। বিয়ের পর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। ২০২১ সালের ৪ ডিসেম্বর যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় আব্দুস সালাম তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। সমন পেয়ে আসামি আব্দুস সালাম মীমাংসার শর্তে আদালত থেকে জামিন নেন। গত ৫ মে সাক্ষী মহিরণ গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে উভয়পক্ষের উপস্থিতিতে সালিস হয়। এসময় সালাম যৌতুক ছাড়া তার স্ত্রীকে নিবে না এবং কোন প্রকার সুরক্ষা দিতে পারবে না বলে জানিয়ে চলে যান। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি পারিবারিক সুরক্ষা চেয়ে আদালতে মামলা করেছেন।