কল্যাণ ডেস্ক: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকাসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার ঝিকরগাছার কলাগাছিতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে মোস্তফা মোহাম্মদ ফারুকী ওরফে এক্সেল বাবু’র (৩৬)। অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহত অভয়নগর উপজেলার ধোপাদী মডেল এডাস স্কুলের প্রধান শিক্ষিকা কাঞ্চন পাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অভয়নগর প্রতিনিধি জানান, অভয়নগর উপজেলার ধোপাদী মডেল এডাস স্কুলের প্রধান শিক্ষিকা কাঞ্চন পাল (৫৫) গত সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বালি ব্যবসায়ীর তৈরি করা অপরিকল্পিত বিট পার হতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।
শেষ শ্রদ্ধা জানাতে প্রথমে তার প্রিয় বিদ্যাপীঠ ধোপাদী মডেল এডাস স্কুলে নেয়া হলে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্য, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন, ধোপাদী মডেল এডাস স্কুলের প্রতিষ্ঠা কালিন সভাপতি অসিত বোস, উপজেলা বিএনপি নেতা মশিয়ার রহমান সরদার, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, তার সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। কাঞ্চন পাল ধোপাদী গ্রামের মৃত নেপাল পালের মেয়ে।
অন্যদিকে, সোমবার রাতে ঝিকরগাছার মোবারকপুর গ্রামের মোস্তফা মোহাম্মদ ফারুকী ওরফে এক্সেল বাবু (৩৬) নাভারণ থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের কলাগাছি নামকস্থানে শিশু গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক জিন্নাহ আলম বলেন, রাতে মানুষের জটলা দেখে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার যুবককে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।