নিজস্ব প্রতিবেদক
যশোরের হামিদপুর আল-হেরা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। রোববার কলেজের কনফারেন্স রুমে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হাকাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল হক ফারুক, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মূলমন্ত্রকে ধারণ করে হামিদপুর আল-হেরা কলেজ। শুধু লেখাপড়ায় নয়; বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমে এ প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠ হিসেবে পরিগণিত হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরতা কামনা করে দোয়া পরিচালনা করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থীদের অভিভাবক ও অধ্যয়নরত শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
