ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডে চলমান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ গতকালও জয় পায়নি। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৫ উইকেটে। তবে পরাজিত হওয়ার আগে দারুণ লড়াই করে সবার নজর কেড়েছে নিগার সুলতানার দল। যে কারণে বাংলাদেশের ছোট পুঁজি তাড়া করতে গিয়েও পাঁচ উইকেট হারতে হয়েছে অজিদের।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃষ্টিবিঘিœত ম্যাচে ম্যাচ ৪৩ ওভারে নেমে আসে। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৫ রান তুলতে পারে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৩৩ রানের ওপেনিং জুটি গড়েন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। তিনে নামা ফারজানা হক (৮) আউট হওয়ার আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে হাজার রান স্পর্শ করেন। ৬৩ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন লতা মন্ডল। সালমা অপরাজিত থাকেন ১৫ রানে।
রান তাড়ায় নেমে টাইগ্রেসদের বোলিং আক্রমণে বিপদে পড়ে যায় দুর্র্ধষ ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ অস্ট্রেলিয়া। ৭০ রানেই তাদের পাঁচ উইকেট নেই হয়ে যায়। অভিজ্ঞ সালমা খাতুন ৯ ওভারে ১ মেডেনসহ মাত্র ২৩ রানে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাহিদা এবং রুমানা। মুনি ও সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটিতে শেষ পর্যন্ত জিতে যায় অস্ট্রেলিয়া। মুনি অপরাজিত থাকেন ৬৬ রানে, সাদারল্যান্ড ২৬ রানে। আগামী রোববার এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ।