নিজস্ব প্রতিবেদক
পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ম গ্রেডের পদে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবিসংবলিত এ স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে অর্ধশতাধিক শিক্ষার্থী যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে কারিগরি দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।
তারা আরও জানান, এতদিন কারিগরি খাতের ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ছিল। সম্প্রতি নীতিমালা পরিবর্তনের মাধ্যমে একই গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
শিক্ষার্থীরা দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপি প্রদানকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমামুল হোসেন, মেহেদী হাসান মাহিন, মুরতাসিম মাশরাফিসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
