ক্রীড়া ডেস্ক: ফিফা ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। বিশ্বের সেই উন্মাদনার সবচেয়ে উচ্চ ঢেউটি আছড়ে পড়েছে ভারত-বাংলাদেশে। এর মধ্যে আবেগের খনি ধারন করা বাঙালিরা ব্রাজিল-আর্জেন্টিনায় সমর্থন করে বেশি। কাতারে ব্রাজিলের বিদায় হলেও ফাইনাল খেলছে আরেক প্রিয় দল আর্জেন্টিনা। এর মধ্যে অবাক কাণ্ড করলেন এক বাঙালি। ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করেছেন হাওড়ার এক মিষ্টি ব্যবসায়ী। বানাচ্ছেন নীল-সাদা মিষ্টি।
জানা গেছে, বরাবরের মতো এবারও ফুটবল বিশ্বকাপ নিয়ে চরম উৎসাহ-উদ্দীপনায় ভাসছে পশ্চিমবঙ্গে। তারই ধারাবাহিকতায় আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা থেকে মধ্য হাওড়ার ‘মা গন্ধেশ্বরী সুইটস’ নামের দোকানে মেসির প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এছাড়াও নীল-সাদা রঙের রসগোল্লা, সন্দেশ ও ক্ষীরের বিশ্বকাপ পাওয়া যাচ্ছে।
বাস্তবের মেসিকে দেখতে যখন বিভিন্ন দেশ থেকে মানুষ কাতারে ছুটছেন, তখন হাওড়ার দোকানটিতে ভিড় উপচে পড়ছে ‘মিষ্টি মেসি’কে দেখতে।
এ বিষয়ে মা গন্ধেশ্বরী সুইটসের মালিক আর্জেন্টিনার ভক্ত কেষ্ট হালদার বলেন, এবার মেসিরা বিশ্বকাপ নেবে। সেমিফাইনালে মেসি তার পায়ের জাদু দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি।
তিনি আরো বলেন, আমার দোকান আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো। আর্জেন্টিনার পতাকার রঙে নীল-সাদা সন্দেশ করেছি, রসগোল্লা করেছি, বল করেছি। মিষ্টি দিয়ে বিশ্বকাপও বানিয়েছি। বাচ্চারা মা-বাবার হাত ধরে আসছে, মেসিকে দেখছে, ছবি তুলছে, কাপ নিয়ে যাচ্ছে।
মেসিভক্ত এ ফুটবলপ্রেমী বলেন, ফাইনাল খেলায় মেসির জাদুতে হবে দুটো গোল। আর্জেন্টিনা জেতার পর বিশ্বকাপ বানাবো আর নীল-সাদা রসগোল্লায় সবাইকে মিষ্টিমুখ করাবো।
আরও পড়ুন: