আন্তর্জাতিক ডেস্ক: শরণার্থী সীমান্ত অতিক্রম করে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার সময় ২৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ধরা পরলেন ইউক্রেনের বিতর্কিত রাজনীতিবিদ ইগর কোটভিটস্কির স্ত্রী আনাস্তাসিয়া কোটভিটস্কা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ২৫০ কোটি টাকা।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আনাস্তাসিয়া ইউক্রেনের বিশিষ্ট বিত্তশালী ও সাবেক বিতর্কিত সাংসদ ইগর কোটভিটস্কির স্ত্রী। ডলার ও ইউরো মিলিয়ে এই বিপুল পরিমাণ অর্থ ইউক্রেন থেকে পাচার করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আনাস্তাসিয়ার বিরুদ্ধে অভিযোগ, ইউক্রেনের ভিলক চেকপয়েন্ট দিয়ে দেশ ছাড়ার সময় বিপুল পরিমাণ অর্থের কথা জানাননি তিনি। কিন্তু হাঙ্গেরিতে পৌঁছে অর্থ নিয়ে আসার কথা জানান তিনি।
ইউক্রেন থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের সময় হাঙ্গেরির আবগারি দপ্তরের নজরে পড়ে বলেও জানা গেছে। বিপুল পরিমাণ অর্থসহ একটি সন্দেহভাজন লাগেজের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় ইতোমধ্যেই ভিলক চেকপয়েন্টের সীমন্তরক্ষীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কারণ অর্থ পাচার করার বিষয়ে তারা অবগত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে অর্থ পাচারের চেষ্টা করায় আনাস্তাসিয়ার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে কিয়েভের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইগর অবশ্য জানিয়েছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং সন্তান জন্ম দেওয়ার জন্য দেশ ছাড়ছেন। তবে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন।